৬০ লক্ষ ভোটারের শুনানি শেষ না হলে ভোট ঘোষণা নয়, নির্বাচন কমিশনারকে চিঠি অধীররঞ্জনের

৬০ লক্ষ ভোটারের শুনানি শেষ না হলে ভোট ঘোষণা নয়, নির্বাচন কমিশনারকে চিঠি অধীররঞ্জনের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য – পশ্চিমবঙ্গের এসআইআর প্রক্রিয়ায় প্রায় ৬০ লক্ষ ভোটারের শুনানি সম্পূর্ণ না হওয়া পর্যন্ত বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা স্থগিত রাখার দাবি জানালেন প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীররঞ্জন চৌধুরী। এই মর্মে কেন্দ্রীয় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার-কে চিঠি পাঠিয়েছেন তিনি।
গত ২৮ ফেব্রুয়ারি এসআইআরের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পর প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম ‘আন্ডার অ্যাজুডিকেশন’ বা বিচারাধীন তালিকায় রাখা হয়েছে বলে অভিযোগ তোলে কংগ্রেস। বিষয়টি সামনে আসতেই প্রতিবাদে সরব হয় দল। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার-ও এ নিয়ে কড়া প্রতিক্রিয়া জানান। এবার সরাসরি নির্বাচন কমিশনের দ্বারস্থ হলেন অধীররঞ্জন।
চিঠিতে তিনি উল্লেখ করেছেন, এত বিপুল সংখ্যক ভোটারের নাম বিচারাধীন তালিকায় থাকা গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী। তাঁর দাবি, দেশের সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে কোনও বৈধ ভোটারের নাম যেন তালিকা থেকে বাদ না পড়ে। সংবিধান যে মতপ্রকাশ ও ভোটাধিকার নিশ্চিত করেছে, তা রক্ষার দায়িত্ব নির্বাচন কমিশনের। তাই এসআইআর প্রক্রিয়ায় বিচারাধীন মামলাগুলি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পশ্চিমবঙ্গে ভোটের দিন ঘোষণা না করার আর্জি জানিয়েছেন তিনি।
অধীররঞ্জনের বক্তব্য, কংগ্রেস দীর্ঘদিন ধরেই দাবি করে আসছে যাতে কোনও বৈধ ভোটারের নাম বাদ না যায়। এই দাবিতে রাজ্যজুড়ে আন্দোলনও হয়েছে। নির্বাচন কমিশনের কাছে একাধিকবার বিষয়টি তোলা হলেও সন্তোষজনক পদক্ষেপ হয়নি বলে অভিযোগ। সেই কারণেই এবার সরাসরি মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিয়ে হস্তক্ষেপের আবেদন জানানো হয়েছে।
রাজনৈতিক মহলের মতে, নির্বাচন ঘোষণার আগে ভোটার তালিকা নিয়ে এই বিতর্ক রাজ্যে নতুন করে রাজনৈতিক চাপানউতোর বাড়াতে পারে। এখন নির্বাচন কমিশনের অবস্থানের দিকেই নজর সবার।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top