গান্ধীকে ‘দেশদ্রোহী’ মন্তব্যে ধূপগুড়িতে উত্তেজনা, পথ অবরোধে তৃণমূলের বিক্ষোভ

গান্ধীকে ‘দেশদ্রোহী’ মন্তব্যে ধূপগুড়িতে উত্তেজনা, পথ অবরোধে তৃণমূলের বিক্ষোভ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য – ভোটের মুখে তীব্র বিতর্কে উত্তপ্ত ধূপগুড়ি। মহাত্মা গান্ধী-কে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে এলাকায়। অভিযোগ, ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নরেশ রায় একটি নির্বাচনী সভায় গান্ধীকে ‘দেশদ্রোহী’ বলে মন্তব্য করেছেন। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শুরু হয়েছে প্রবল প্রতিক্রিয়া।
এই ঘটনাকে কেন্দ্র করে রবিবার রাতে এশিয়ান হাইওয়ে অবরোধ করে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস। অবিলম্বে প্রার্থীর গ্রেপ্তারি ও মনোনয়ন বাতিলের দাবিতে এই আন্দোলনে নেতৃত্ব দেন দলের জেলা সাধারণ সম্পাদক রাজেশ কুমার সিং। উপস্থিত ছিলেন ধূপগুড়ি গ্রামীণ ব্লক সভাপতি মলয় কুমার রায়-সহ একাধিক নেতা-কর্মী।
তৃণমূলের অভিযোগ, জাতির জনককে অপমান করে বিজেপি তাদের প্রকৃত মানসিকতা প্রকাশ করেছে। এর প্রতিবাদে ধূপগুড়ির নেতাজি সুভাষ রোড থেকে একটি বিশাল মিছিল বের হয়। কর্মী-সমর্থকদের হাতে ছিল জাতীয় পতাকা এবং মহাত্মা গান্ধীর ছবি। মিছিল শহর পরিক্রমা করে ধূপগুড়ি চৌপথিতে পৌঁছলে বিক্ষোভ চরমে ওঠে এবং এশিয়ান হাইওয়ের উপর টায়ার জ্বালিয়ে দীর্ঘক্ষণ পথ অবরোধ করা হয়।
বিক্ষোভে অংশ নিয়ে রাজেশ কুমার সিং বলেন, “জাতির জনককে যিনি দেশদ্রোহী বলেন, তিনি কোনওভাবেই সুস্থ মস্তিষ্কের মানুষ হতে পারেন না। অবিলম্বে তাঁর মনোনয়ন বাতিল করে গ্রেপ্তার করতে হবে।”
এই ঘটনার জেরে এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন বাড়ানো হয়েছে। অন্যদিকে বিজেপির ধূপগুড়ি বিধানসভা কনভেনর চন্দন দত্ত জানিয়েছেন, ভাইরাল ভিডিওর সত্যতা এখনও যাচাই করা হয়নি এবং দলীয়ভাবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
সব মিলিয়ে, ভোটের আগে এই ঘটনাকে কেন্দ্র করে ধূপগুড়িতে রাজনৈতিক পারদ তুঙ্গে উঠেছে, যা নির্বাচনী সমীকরণে বড় প্রভাব ফেলতে পারে বলেই মনে করা হচ্ছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top