জুন থেকে মহিলাদের জন্য সরকারি বাসে ফ্রি যাতায়াত, চালু হচ্ছে বিশেষ ‘পিঙ্ক কার্ড’ ব্যবস্থা

জুন থেকে মহিলাদের জন্য সরকারি বাসে ফ্রি যাতায়াত, চালু হচ্ছে বিশেষ ‘পিঙ্ক কার্ড’ ব্যবস্থা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য – রাজ্যে মহিলাদের জন্য বড় ঘোষণা করল সরকার। আগামী জুন মাস থেকে সরকারি বাসে সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াত করতে পারবেন মহিলারা। এই পরিষেবা চালু করতে ইতিমধ্যেই পরিকল্পনা শুরু করেছে পরিবহন দফতর। নবান্ন সূত্রে খবর, মহিলাদের জন্য বিশেষ ‘পিঙ্ক কার্ড’ চালু করা হবে, যা দেখিয়ে সরকারি বাসে ফ্রি পরিষেবা পাওয়া যাবে।
জানা গিয়েছে, সরকারি বাসে উঠলে ওই পিঙ্ক কার্ড দেখালেই কন্ডাক্টর শূন্য টাকার টিকিট ইস্যু করবেন। পুরো প্রক্রিয়াটি যাতে সহজ ও ঝামেলামুক্ত হয়, তার জন্য বিস্তারিত গাইডলাইন তৈরি করছে পরিবহন দফতর।
নবান্ন সূত্রে জানা যাচ্ছে, ইতিমধ্যেই এই প্রকল্প নিয়ে একাধিক পরিকল্পনা সরকারের কাছে জমা পড়েছে। পাশাপাশি গোটা রাজ্যে সরকারি বাসে মহিলা যাত্রীর সংখ্যা নিয়েও সমীক্ষা চালানো হয়েছে। প্রতিদিন কতজন মহিলা সরকারি বাসে যাতায়াত করেন এবং পরিষেবা চালু হলে সেই সংখ্যা কতটা বাড়তে পারে, তা খতিয়ে দেখা হয়েছে।
সমীক্ষা অনুযায়ী, শুধুমাত্র কলকাতাতেই প্রতিদিন প্রায় ১ লক্ষ ৮০ হাজার মহিলা সরকারি বাসে যাতায়াত করেন। গোটা রাজ্যে সেই সংখ্যা প্রায় ৪ লক্ষ। তবে পরিষেবা চালু হওয়ার পর আরও প্রায় ১ লক্ষ মহিলা সরকারি বাস ব্যবহার করতে পারেন বলে মনে করছে প্রশাসন। সেই অনুযায়ী প্রস্তুতিও নেওয়া হচ্ছে।
যদিও পিঙ্ক কার্ড কীভাবে এবং কোথা থেকে বিলি করা হবে, তা এখনও চূড়ান্ত হয়নি। প্রশাসনিক সূত্রে খবর, বিডিও অফিস, এসডিও অফিস বা পুরসভা মারফত এই কার্ড বিলি করা হতে পারে।
এদিকে পিঙ্ক কার্ড চালু না হওয়া পর্যন্ত অন্তর্বর্তী ব্যবস্থা হিসেবেও পরিকল্পনা করা হয়েছে। জানা গিয়েছে, ভোটার কার্ড, আধার কার্ড, আয়ুষ্মান ভারত কার্ড, ব্যাঙ্কের পাসবুক, মনরেগা কার্ড বা অন্য কোনও সরকারি ফটো আইডি দেখালেই মহিলারা ফ্রি যাতায়াতের সুবিধা পাবেন।
সরকার চাইছে যাতে বাসের মধ্যে যাত্রী ও কন্ডাক্টরদের মধ্যে কোনও রকম বাদানুবাদ বা বিভ্রান্তি তৈরি না হয়। সেই কারণে ড্রাইভার ও কন্ডাক্টরদের বিশেষ প্রশিক্ষণও দেওয়া হবে বলে জানা গিয়েছে।
সরকারি সূত্রে খবর, আগামী ১ জুন থেকেই এই পরিষেবা চালু করার লক্ষ্য নেওয়া হয়েছে। তবে এই সুবিধা পেতে হলে সংশ্লিষ্ট মহিলাকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। বর্তমানে সেই সংক্রান্ত প্রশাসনিক প্রস্তুতি এবং প্রযুক্তিগত পরিকাঠামো তৈরির কাজ দ্রুত এগোচ্ছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top