বেহালা বিমানবন্দর ফের চালুর উদ্যোগ, কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে বৈঠকে ইন্দ্রনীল! মুখ্যমন্ত্রীর চিঠি তুলে দিলেন

বেহালা বিমানবন্দর ফের চালুর উদ্যোগ, কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে বৈঠকে ইন্দ্রনীল! মুখ্যমন্ত্রীর চিঠি তুলে দিলেন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা: দক্ষিণ কলকাতার বেহালা বিমানবন্দর ফের চালু করতে উদ্যোগী হল রাজ্য সরকার। এই লক্ষ্যেই দিল্লিতে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণমন্ত্রী রামমোহন নাইডুর সঙ্গে বৈঠক করলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ। বৈঠকে বেহালা বিমানবন্দর পুনরায় চালুর বিষয়ে রাজ্যের প্রস্তাব তুলে ধরার পাশাপাশি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর লেখা বিশেষ চিঠিও কেন্দ্রীয় মন্ত্রীর হাতে তুলে দেন তিনি।

চিঠিতে রাজ্যের তরফে জানানো হয়েছে, বেহালা বিমানবন্দরের ৯১৫ মিটার রানওয়ে ATR-72 বিমান, এয়ার অ্যাম্বুল্যান্স এবং চার্টার্ড ফ্লাইট পরিচালনার জন্য উপযুক্ত। বিমানবন্দর এলাকার বর্তমান পরিকাঠামো নিয়েও কেন্দ্রের কাছে তথ্য তুলে ধরা হয়েছে।

সম্প্রতি এলাকায় ড্রোনের মাধ্যমে সমীক্ষা চালানো হয়। সেই সমীক্ষায় দেখা গিয়েছে, বেহালা বিমানবন্দরের হাতে মোট ২১৫.৫৮ একর জমি রয়েছে। গোপালপুর, বেহালা এবং পোরুই মৌজাজুড়ে বিস্তৃত এই জমি বিমানবন্দর চালুর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে মনে করছে রাজ্য।

রাজ্য সরকারের যুক্তি, বেহালা বিমানবন্দর ফের চালু হলে কলকাতা বিমানবন্দরের উপর চাপ অনেকটাই কমানো সম্ভব হবে। একইসঙ্গে কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনায় শিল্পায়ন, আঞ্চলিক যোগাযোগ, মেডিক্যাল ইভাকুয়েশন এবং দক্ষিণবঙ্গের পর্যটন ও ব্যবসার ক্ষেত্রেও নতুন গতি আসতে পারে।

ফলে বেহালা বিমানবন্দরকে ফের সচল করার দাবিতে এবার সরাসরি কেন্দ্রের দ্বারস্থ হল রাজ্য। ইন্দ্রনীল খাঁর সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রীর বৈঠক এবং মুখ্যমন্ত্রীর চিঠি হস্তান্তরকে এই উদ্যোগের গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top