কলকাতা – নেপাল বিপর্যয়ের পর এখনও স্ত্রী শর্মিষ্ঠা শর্মার কোনও খোঁজ না মেলায় উদ্বেগের মধ্যে রয়েছেন মুকুলপুত্র শুভ্রাংশু রায়। এর মধ্যেই সংবাদমাধ্যমের কাছে বিশেষ অনুরোধ জানালেন তিনি। সমাজমাধ্যমে শুভ্রাংশু জানিয়েছেন, নিখোঁজ ৩২ জনের বিষয়ে কোনও অতিরঞ্জিত খবর যেন প্রচার করা না হয়। তাঁর এখনও বিশ্বাস, ওই ৩২ জনই ভালো আছেন। তবে তাঁদের কারও সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ হয়েছে—এমন দাবি তিনি করছেন না বলেও স্পষ্ট করেছেন।
শুভ্রাংশুর বক্তব্য, ‘‘সমস্ত সংবাদমাধ্যমের কাছে আমার বিনীত অনুরোধ, কোনো অতিরঞ্জিত খবর প্রচার করবেন না। আমি আবারও বলছি, আমার এখনও বিশ্বাস যে, এই ৩২ জন ভালো আছে। কিন্তু তার মানে এই নয় যে, তাদের কারও সঙ্গে আমার ব্যক্তিগত যোগাযোগ হয়েছে।’’ এই পরিস্থিতিতে তাঁর অনুরোধটি সহানুভূতির সঙ্গে বিবেচনা করার আবেদন জানিয়েছেন তিনি।
প্রসঙ্গত, ২৬ অগাস্ট নেপালে ভয়াবহ বিপর্যয়ের দিন থেকেই নিখোঁজ শুভ্রাংশুর স্ত্রী শর্মিষ্ঠা শর্মা। সম্প্রতি শুভ্রাংশুর একটি ফেসবুক পোস্টকে ঘিরেও নতুন করে জল্পনা তৈরি হয়েছিল। শুক্রবার চিনের বিদেশ মন্ত্রকের একটি সাংবাদিক বৈঠকের ভিডিও শেয়ার করে তিনি দাবি করেন, ওই ভিডিওতে ৫০০-র বেশি আটকে পড়া মানুষকে উদ্ধারের দৃশ্য রয়েছে।
সেই পোস্টে ভারত সরকারের কাছে ওই রিপোর্টগুলি যাচাই করে আটকে থাকা প্রিয়জনদের বিষয়ে সরকারি ভাবে তথ্য জানানোর আবেদন জানান শুভ্রাংশু। তাঁর আশা, অনেকেই এখনও দুর্গম এলাকায় আটকে থাকতে পারেন এবং উদ্ধারের অপেক্ষায় রয়েছেন। তাই কোনও নিশ্চিত তথ্য সামনে না আসা পর্যন্ত অতিরঞ্জিত খবর এড়ানোর জন্য সংবাদমাধ্যমের কাছে ফের আবেদন জানিয়েছেন তিনি।




















