কলকাতা: মা দুর্গা ফিরে গিয়েছেন কৈলাসে। এবার পালা আলোর উৎসব দীপাবলি ও কালীপুজোর। আর কালীপুজো মানেই বারাসত, মধ্যমগ্রাম এবং নৈহাটির জমজমাট পুজো। দূরদূরান্ত থেকে এই সমস্ত জায়গায় প্রতিমা দর্শনে ভিড় জমান অসংখ্য মানুষ। দুর্গাপুজোর মতোই কালীপুজোতেও সারা রাত জেগে ঠাকুর দেখার রীতি রয়েছে। দর্শনার্থীদের যাতায়াতের সুবিধা এবং নির্বিঘ্নে বাড়ি ফেরার কথা মাথায় রেখে এবার বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল পূর্ব রেল।
পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, শিয়ালদহ শাখায় আগামী ৮ নভেম্বর থেকে ১১ নভেম্বর পর্যন্ত আপ ও ডাউন মিলিয়ে ৬ জোড়া অতিরিক্ত স্পেশ্যাল ট্রেন চালানো হবে। শিয়ালদহ থেকে বনগাঁ, বারাসত, রানাঘাট, ব্যারাকপুর-সহ বিভিন্ন শাখায় এই বিশেষ পরিষেবা পাওয়া যাবে। আপে ৬টি এবং ডাউনে ৬টি ট্রেন চলবে।
কালীপুজোর রাতে প্রতিমা দর্শনে বেরিয়ে যাতে যাত্রীদের বাড়ি ফিরতে অসুবিধা না হয়, সেই লক্ষ্যেই এই অতিরিক্ত ট্রেন পরিষেবার ব্যবস্থা করেছে পূর্ব রেল।



















