কলকাতা: তৃণমূল জমানায় স্বাস্থ্যক্ষেত্রে একাধিক দুর্নীতি ও অনিয়মের অভিযোগের তদন্ত করতে গিয়ে কার্যত হিমশিম খাচ্ছে স্বাস্থ্যদপ্তর। একের পর এক পুরনো ফাইল খুলে তদন্ত চালাতে গিয়ে দপ্তরের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে বলে দাবি স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের। এই পরিস্থিতিতে বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলতে চান বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রীর দাবি, দিনের বেশিরভাগ সময়ই পূর্বতন সরকারের আমলে স্বাস্থ্যক্ষেত্রে ঘটে যাওয়া বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের ফাইল নিয়ে আলোচনা এবং তদন্ত করতে চলে যাচ্ছে। সংশ্লিষ্ট দপ্তরের কর্মী থেকে শুরু করে আধিকারিকদেরও অন্য কাজ করার সময় মিলছে না। প্রতিনিয়ত নতুন নতুন অভিযোগ সামনে আসায় স্বাস্থ্যদপ্তরের স্বাভাবিক কাজকর্ম কার্যত ব্যাহত হচ্ছে।
এ প্রসঙ্গে শারদ্বত মুখোপাধ্যায় বলেন, “দিনের বেশিরভাগ সময়ই পূর্বতন সরকারের স্বাস্থ্যক্ষেত্রের নানান দুর্নীতি ও অনিয়মের ফাইল নিয়ে চর্চা ও তদন্ত করতে চলে যাচ্ছে। সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মী থেকে আধিকারিকরা অন্য কোনও কাজই করতে পারছেন না। প্রতিনিয়ত এত দুর্নীতি সামনে আসছে যে স্বাস্থ্যদপ্তরের স্বাভাবিক কাজকর্ম বর্তমানে শিকেয় উঠেছে। তাই আমরা এর থেকে মুক্তি চাইছি।”
স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্যে উঠে এসেছে স্বাস্থ্যসাথী প্রকল্প, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় চিকিৎসা শিবির এবং আরজি করের অভয়া কাণ্ড-সহ তৃণমূল আমলে স্বাস্থ্যক্ষেত্রে ওঠা বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রসঙ্গ। তাঁর দাবি, এই সমস্ত অভিযোগের ফাইল ধরে তদন্ত করতে গিয়ে স্বাস্থ্যদপ্তরের গুরুত্বপূর্ণ দৈনন্দিন কাজ সামলানো কঠিন হয়ে পড়ছে।



















