জমা জলে পা পিছলে মৃত্যু হাওড়ায়! বাড়ির সামনেই প্রাণ গেল অসুস্থ ব্যক্তির, তদন্তে পুরসভা

জমা জলে পা পিছলে মৃত্যু হাওড়ায়! বাড়ির সামনেই প্রাণ গেল অসুস্থ ব্যক্তির, তদন্তে পুরসভা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য – টানা বৃষ্টির জেরে জমা জল ও নিকাশি সমস্যায় ফের মর্মান্তিক ঘটনা হাওড়ায়। বাড়ির সামনে জমে থাকা জলে পড়ে মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার সকালে হাওড়ার দাসনগর থানার কাশীপুর এলাকায় এই দুর্ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী তথা উত্তর হাওড়ার বিধায়ক উমেশ রাই।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম তড়িৎ দেয়াসি। বয়স ৪৭ বছর। বেশ কিছুদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। শুক্রবার সকালে বাড়ির সামনে থাকা কল থেকে জল আনতে বেরিয়েছিলেন তিনি। কিন্তু টানা বৃষ্টির কারণে বাড়ির সামনের রাস্তায় জল জমে ছিল। প্রাথমিকভাবে অনুমান, জমা জলের মধ্যে থাকা শ্যাওলায় পা পিছলে পড়ে যান তড়িৎ। শারীরিক অসুস্থতার কারণে পড়ে যাওয়ার পর আর নিজে থেকে উঠে দাঁড়াতে পারেননি তিনি। দীর্ঘক্ষণ জমা জলের মধ্যে পড়ে থাকার ফলেই তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দাসনগর থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশের বক্তব্য, ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পরই মৃত্যুর সঠিক কারণ স্পষ্ট হবে।

ঘটনার পর নড়েচড়ে বসেছে স্থানীয় পুর প্রশাসনও। মৃতের পরিবারের সঙ্গে দেখা করে পরিস্থিতির খোঁজখবর নেওয়ার পাশাপাশি পুরসভার পক্ষ থেকে তদন্তকারী দল পাঠানো হয়েছে। পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আর্থিক সাহায্যের আশ্বাস দিয়েছেন মন্ত্রী উমেশ রাই। তিনি জানিয়েছেন, গোটা ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং এই কঠিন সময়ে পুরসভা মৃতের পরিবারের পাশে থাকবে।

হাওড়ার দীর্ঘদিনের জল জমার সমস্যা নিয়েও মুখ খুলেছেন মন্ত্রী। তাঁর বক্তব্য, হাওড়ায় জল জমার সমস্যা নতুন নয়, দীর্ঘদিনের। তবে নতুন সরকার সবেমাত্র দায়িত্ব নিয়েছে। তাই সমস্যার স্থায়ী সমাধানে কিছুটা সময় প্রয়োজন। নিকাশি ব্যবস্থা খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।

টানা বৃষ্টিতে শহরের বিভিন্ন এলাকায় জল জমে থাকায় সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ছে। তার মধ্যেই জমা জলে পড়ে একজনের মৃত্যুর ঘটনায় ফের সামনে এল হাওড়ার নিকাশি ব্যবস্থার দুর্বলতা। এখন এই ঘটনার পর জল জমার সমস্যা ও নিকাশি ব্যবস্থার স্থায়ী সমাধানে পুর প্রশাসন কতটা কার্যকর পদক্ষেপ নেয়, সেদিকেই নজর।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top