রোগী বহনের অ্যাম্বুলেন্সেই ছাগল চুরি! ধনিয়াখালিতে গ্রেফতার তিন, চাঞ্চল্য এলাকায়

রোগী বহনের অ্যাম্বুলেন্সেই ছাগল চুরি! ধনিয়াখালিতে গ্রেফতার তিন, চাঞ্চল্য এলাকায়

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


হুগলি – রোগী নিয়ে যাওয়ার জন্য দেওয়া হয়েছিল অ্যাম্বুলেন্স। অথচ সেই সরকারি পরিষেবার গাড়িই ব্যবহার করা হল ছাগল চুরির কাজে। এমনই চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে হুগলির ধনিয়াখালিতে। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
জানা গিয়েছে, ধনিয়াখালির বিধায়ক Asima Patra তাঁর এলাকা উন্নয়ন তহবিল থেকে দাদপুর গ্রাম পঞ্চায়েতকে একটি অ্যাম্বুলেন্স দিয়েছিলেন। মূলত রোগীদের হাসপাতালে নিয়ে যাওয়ার জন্যই সেই অ্যাম্বুলেন্স ব্যবহার হওয়ার কথা ছিল। কিন্তু অভিযোগ, শনিবার ভোররাতে সেই অ্যাম্বুলেন্স নিয়েই ছাগল চুরি করতে বেরিয়েছিল তিনজন।
ঘটনাটি দাদপুর থানার অন্তর্গত সারখোলা গ্রামের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গভীর রাতে একটি অ্যাম্বুলেন্সকে সন্দেহজনকভাবে এলাকায় ঘোরাফেরা করতে দেখে নজরদারি শুরু করে পুলিশ। সেই সময় দাদপুর থানার ওসি সন্তোষ তালুকদারের নেতৃত্বে একটি বিশেষ দল এলাকায় অভিযান চালাচ্ছিল।
অভিযোগ, এক গৃহস্থের গোয়ালঘর থেকে দুটি ছাগল চুরি করে অ্যাম্বুলেন্সে তুলে পালানোর চেষ্টা করছিল অভিযুক্তরা। সেই সময় পুলিশ তাদের আটক করে। পরে জিজ্ঞাসাবাদে সন্তোষজনক উত্তর না মেলায় অ্যাম্বুলেন্স চালক আহমেদ আলী সরকার, দীপঙ্কর রায় এবং রজত ক্ষেত্রফলকে গ্রেফতার করা হয়।
গ্রামবাসীদের অভিযোগ, এর আগেও এলাকায় একাধিকবার ছাগল চুরির ঘটনা ঘটেছে। তবে কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তা এতদিন জানা যায়নি। পুলিশের অনুমান, আসন্ন বখরি ইদকে সামনে রেখে ছাগলের দাম বেড়ে যাওয়ায় চুরি করে হাটে বিক্রির পরিকল্পনা করেছিল অভিযুক্তরা। কিন্তু পুলিশের তৎপরতায় সেই পরিকল্পনা ভেস্তে যায়।
ঘটনার তদন্ত শুরু করেছে দাদপুর থানার পুলিশ। অ্যাম্বুলেন্সের অপব্যবহার নিয়ে এলাকাজুড়ে ক্ষোভও ছড়িয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top