
নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান, ২৮ ফেব্রুয়ারি, দুষ্কৃতীদের অস্ত্রের আঘাতে গুরুতর জখম হল ১৩ জন পুলিশ কর্মী। জানা গিয়েছে, জুয়ার আসরে হঠাৎ বচসা শুরু হয়, তারপরই পুলিশে খবর দেওয়া হলে। খবর পেয়ে বর্ধমানের মন্তেশ্বর থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় দুষ্কৃতীরা।
ঘটনাটি ঘটেছে বর্ধমানের মামুদপুর -১ পঞ্চায়েতের হাজরাপুর এলাকায়। এই অঞ্চলে প্রশাসনের অনুমতি ছাড়াই একটি মেলায় অনুষ্ঠান চলছিল। আর তার পাশেই বসেছিল জুয়ার আসর। গভীর রাতে ওই জুয়ার ঠেকে অশান্তি শুরু হয়। খবর পেয়ে মন্তেশ্বর থানার পুলিশ ঘটনাস্থলে গেলেই পুলিশের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা শুরু করে দুষ্কৃতীরা। অস্ত্রের আঘাতে জখম হয় ১৩ জন পুলিশ কর্মী। আহতদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এরপরে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছে জখম পুলিশকর্মীদের উদ্ধার করা হয়। ঘটনায় পুলিশ ১১ জনকে গ্রেফতার করেছে।এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


















